বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজাদ আলম খাঁ আদুর ইন্তেকাল

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজাদ আলম খাঁ আদুর ইন্তেকাল

সংবাদদাতাঃ বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক আজাদ আলম খাঁ আদু আর নেই। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতায় ভুগে তিনি মঙ্গলবার দিবাগত রাত ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

মরহুম আজাদ আলম খাঁ আদু সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের মালঞ্চি গ্রামের মরহুম খয়বর আলী খাঁর পুত্র। তিনি শহরের সুপরিচিত ব্যবসা প্রতিষ্ঠান ব্রাদার্স ওয়াচ কোং, সিটিজেন ইলেক্ট্রনিক্স ও টাইম ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী ছিলেন। ব্যবসার পাশাপাশি শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান ছিল অনস্বীকার্য।

তিনি মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, মালঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং মালঞ্চি জামে মসজিদের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং মানবিক উদ্যোগ তাঁকে এলাকার মানুষের কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছিল।
সদালাপী, পরোপকারী ও জনহিতৈষী এই মানুষটি জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছিলেন। তিনি পাবনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আইযুব আলী সরদারের মামাতো ভাই ছিলেন।
দীর্ঘদিন ধরে তিনি শহরের আটুয়া মোমেনাবাদ এলাকায় পরিবারসহ বসবাস করছিলেন। তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে ভিড় জমান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র তারিকুল ইসলাম জুয়েল, দুই কন্যা, নাতি-নাতনি, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ জোহর সাধুপাড়া ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তাঁকে আরিফপুর সদর কবরস্থানে দাফন করা হয়।

আগামীকাল শুক্রবার (৫ জুন) সাধুপাড়া জামে মসজিদ ও আটুয়া মোমেনাবাদ জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মরহুমের শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থাকবার জন্য অনুরোধ করা হয়েছে।