সংবাদদাতাঃ পাবনার চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট এলাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার দায়ে নয়ন হালদার (২৪) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সাজাপ্রাপ্ত নয়ন হালদারকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। তিনি পাশের ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা গ্রামের বালাই হালদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন হালদার দীর্ঘদিন ধরে পৌর সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী মেয়েদের অশালীন অঙ্গভঙ্গি, বাজে মন্তব্য করা এবং ব্যাগ টেনে ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ তাঁকে আটক করে।
পরে তাঁকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি এই কারাদণ্ডের আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অপরাধের হাতেনাতে প্রমাণ মেলায় ভ্রাম্যমাণ আদালত আসামিকে শাস্তি প্রদান করেছেন। রায় ঘোষণার পরপরই তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।




