নানা আয়োজনে পাবনায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

নানা আয়োজনে পাবনায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

সংবাদদাতাঃ বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টায় জেলা পরিষদ চত্বরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য, জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৩ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতিকে স্বাধীনতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগের সঠিক বার্তা পৌঁছে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ ছাড়া জেলার সব উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।