পাবনায় প্রথমবার চালু হলো শিশুদের ইনডোর প্লে-গ্রাউন্ড

পাবনায় প্রথমবার চালু হলো শিশুদের ইনডোর প্লে-গ্রাউন্ড

সংবাদদাতাঃ শিশুদের নিরাপদ খেলাধুলার সুযোগ বাড়াতে পাবনায় প্রথমবারের মতো চালু হয়েছে আধুনিক সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ড প্লে-গ্রাউন্ড’। উদ্যোক্তাদের আশা, এটি শিশুদের মোবাইল ফোন ও টেলিভিশননির্ভরতা কমিয়ে শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

শুক্রবার বিকেলে পাবনা শহরের অদূরে গাছপাড়া তিন রাস্তার মোড়ে শিল্পপ্রতিষ্ঠান পিএস গ্রুপের উদ্যোগে প্রায় ১২ হাজার বর্গফুট জায়গাজুড়ে নির্মিত এই বিনোদনকেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন দেশবরেণ্য চিকিৎসক অধ্যাপক ডা. ওমর আলী।

উদ্বোধনের পরই প্লে-গ্রাউন্ডটি শিশুদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে। এখানে সেফটি ম্যাট, বল পিট, স্লাইডসহ বিভিন্ন আধুনিক ও নিরাপদ খেলার জোন রাখা হয়েছে। উদ্যোক্তারা জানান, প্রশিক্ষিত সুপারভাইজারদের তত্ত্বাবধানে শিশুরা নিরাপদ পরিবেশে খেলাধুলা করতে পারবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. ওমর আলী বলেন, নগরজীবনের সীমাবদ্ধতা ও প্রযুক্তিনির্ভর জীবনযাপনের কারণে শিশুদের খেলাধুলার সুযোগ দিন দিন কমে যাচ্ছে। এতে তাদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ব্যাহত হচ্ছে। তিনি বলেন, এমন একটি উদ্যোগ শিশুদের সুস্থ বিনোদনের পাশাপাশি স্বাভাবিক বিকাশেও সহায়ক হবে।

পাবনায় প্রথমবার চালু হলো শিশুদের ইনডোর প্লে-গ্রাউন্ড

পাবনায় এমন একটি আধুনিক শিশু বিনোদনকেন্দ্র চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকেরা। উদ্বোধনী অনুষ্ঠানে আসা রেহানা পারভীন ও প্রথমাসহ কয়েকজন অভিভাবক বলেন, এত দিন শিশুদের নিয়ে নিরাপদ ও মানসম্মতভাবে সময় কাটানোর মতো তেমন কোনো জায়গা ছিল না। নতুন এই প্লে-গ্রাউন্ড শিশুদের মোবাইল ফোনের বাইরে এনে আনন্দময় পরিবেশে সময় কাটানোর সুযোগ তৈরি করবে।

পিএস গ্রুপের চেয়ারম্যান জাহিদ হোসাইন পান্না বলেন, শিশুদের জন্য নিরাপদ ও আনন্দময় একটি পরিবেশ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। একই সঙ্গে অভিভাবকদের স্বাচ্ছন্দ্যের বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, শিশুদের জন্য প্রবেশ ও রাইড ব্যবহারের প্যাকেজমূল্য ৩২০ টাকা এবং অভিভাবকদের জন্য ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি শিশু এই প্যাকেজে দুই ঘণ্টা বিভিন্ন রাইড ও খেলার সুবিধা উপভোগ করতে পারবে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত প্লে-গ্রাউন্ডটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, সাবেক সম্পাদক উৎপল মির্জা, রোটারিয়ান জালাল উদ্দিন, সাংবাদিক আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান রাসেল ও রিজভী জয় প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈশাখী টেলিভিশনের পাবনা প্রতিনিধি মিজানুর রহমান।