পাবনায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

পাবনায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

বিবৃতি রিপোর্ট ॥ আজ বুধবার (২০ মে ২০২৬), পাবনায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি”। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পাবনার সিভিল সার্জন মো. আবুল কালাম আজাদ এবং পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম।

আলোচনা সভায় অতিথিরা মেট্রোলজির গুরুত্ব ও সঠিক পরিমাপ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষ অতিথিরা চিকিৎসা বিজ্ঞানে পরিমাপ বিদ্যার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি সবক্ষেত্রে সঠিক পরিমাপ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (পাবনা সদর সার্কেল) মো. শরিফুল ইসলাম এবং পাবনা প্রেসক্লাবের সভাপতি মো. আখতারুজ্জামান আখতার। তারা পণ্যের সঠিক পরিমাপ নিশ্চিতকরণ ও ভেজাল প্রতিরোধে বিএসটিআই’র পাশাপাশি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, পাবনার উপপরিচালক (পদার্থ) ও অফিস প্রধান মো. জাহেদুল ইসলাম। তিনি পরিমাপ সংক্রান্ত আইন ও বিধিমালা বাস্তবায়নে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ পাবনা ও সিরাজগঞ্জ জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।