মহা আয়োজনে গোল্ডেন বাস্কেটের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মহা আয়োজনে গোল্ডেন বাস্কেটের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদদাতা: র‍্যালি, বেলুন উড়ানো, কেক কাটা ও র‍্যাফেল ড্রসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনার নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুপারশপ গোল্ডেন বাস্কেট তাদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। দিনব্যাপী উৎসবমুখর এ আয়োজনে অংশ নেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ক্রেতা ও শুভানুধ্যায়ীরা।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় শহরের লতিফ টাওয়ারের সামনে থেকে ব্যান্ড পার্টিসহ একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার লতিফ টাওয়ারে ফিরে আসে। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দুপুর সাড়ে ১২টায় কেক কাটা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিনজুড়ে ছিল বিভিন্ন আয়োজন।

লতিফ টাওয়ারের পঞ্চম তলায় গোল্ডেন বাস্কেটের প্রধান কার্যালয় এবং নিচতলা ও দ্বিতীয় তলায় সুপারশপের বিক্রয়কেন্দ্র পরিচালিত হচ্ছে। ফলে একই ভবনে ক্রেতারা সহজেই নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোল্ডেন বাস্কেটের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হাসান। তিনি বলেন, “কোনো প্রতিষ্ঠানই শুরুতে সহজে সফল হয় না। আমরা করোনাকালীন সময়ে যাত্রা শুরু করেছিলাম। শুরু থেকেই পাবনার মানুষের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করেছি। পাবনার মানুষের আস্থা, আমাদের সহকর্মীদের নিষ্ঠা এবং সাপ্লাই চেইনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের সহযোগিতায় অল্প সময়েই এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। আমরা সবসময় পণ্যের গুণগত মান, সাশ্রয়ী মূল্য ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করি, যাতে ক্রেতারা সন্তুষ্ট থাকেন।”
অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন ক্রেতাও প্রতিষ্ঠানের সেবার প্রশংসা করেন। একজন ক্রেতা বলেন, “এখানে কেনাকাটা করে স্বাচ্ছন্দ্য বোধ করি। পাবনার আরও কয়েকটি স্থানে শাখা চালু হলে ভালো হবে।” আরেকজন বলেন, “এখানকার পণ্য সবসময় টাটকা ও মানসম্মত। তাই নিশ্চিন্তে এখান থেকেই বাজার করি।”
পাবনা কলেজের প্রভাষক তানজিদা ইতি বলেন, “গোল্ডেন বাস্কেট পাবনা শহরের মানুষের, বিশেষ করে নারীদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করেছে। অনলাইন সেবাটিও প্রয়োজনের সময়ে খুবই কার্যকর। প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্য এক জায়গাতেই পাওয়া যায়।”
গৃহিণী রুপা জান্নাতুল বলেন, “এখানে সুন্দর ও আরামদায়ক পরিবেশে কেনাকাটা করা যায়। কর্মীদের ব্যবহারও আন্তরিক। সব মিলিয়ে এটি পাবনার মানুষের জন্য আধুনিক কেনাকাটার একটি নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠেছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মঞ্চ ও টেলিভিশন অভিনেতা এবং গোল্ডেন বাস্কেটের ক্রিয়েটিভ টিমের উপদেষ্টা আনিছুর রহমান, হেড অব ফাইন্যান্স সানোয়ার হোসেন, হেড অব অপারেশন সালাহউদ্দিন আহম্মেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফুল ইসলাম রনি এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।