২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান: বিপুল অস্ত্রসহ গ্রেফতার ১

পাবনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান: বিপুল অস্ত্রসহ গ্রেফতার ১

সংবাদদাতাঃ পাবনায় বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তিনটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটার গান এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক সহযোগী পালিয়ে যায়।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) ভোরে পাবনা সদর থানাধীন আরিফপুর হাজিরহাট এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. অলি হোসেন (২৬)। সে পাবনা পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের আরিফপুর পূর্বপাড়া এলাকার রব্বেল শেখের ছেলে। পলাতক অপর আসামির নাম মো. শুভ ফকির (২৫)।

পুলিশ জানায়, পাবনা জেলা পুলিশ সুপার  আনোয়ার জাহিদের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ রেজিনুর রহমানের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই বেনু রায় ও এসআই মাহিদুল ইসলামসহ একটি দল ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে হাজিরহাট এলাকার একটি বাড়িতে হানা দেয়।

অভিযানকালে আসামিদের হেফাজত থেকে বিদেশি রিভলভার: ৩টি, .২২ বোরের সচল রিভলভার (ব্যারেলে ‘Made in Pakistan’ খোদাই করা)। ওয়ান শুটার গান: ১টি দেশীয় তৈরি সচল ওয়ান শুটার গান, ২ রাউন্ড তাজা গুলি, সরঞ্জামাদি: হাতুড়ি, প্লাস, স্প্রে পেইন্ট, রড কাটারসহ আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম, ২ টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

ডিবির ওসি মোঃ রাশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে একটি মিনি অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে অলি হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হলেও শুভ ফকির পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলোর মধ্যে রিভলভারগুলো বেশ উন্নত মানের।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলা এবং পলাতক আসামির বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে গোপনে অস্ত্র তৈরি ও কেনাবেচার সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে। পলাতক আসামিকে গ্রেফতারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *