সংবাদদাতা : পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নে প্রয়াত প্রকৃতিপ্রেমী আকাশকলি দাসের হাতে গড়া পাখির অভয়াশ্রম সংরক্ষণ ও অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ও বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠন ‘গ্রিন ভয়েস’–এর আয়োজনে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় পাবনা শহরের প্রধান আব্দুল হামিদ সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান
সাবেক সম্পাদক আখিনুর ইসলাম রেমন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাজমুল ইসলাম, বাঁচতে চাই সমাজের নির্বাহী পরিচালক আব্দুল রব মন্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মাহবুবুর আলম লিটন,পাবনা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, প্রথম আলোর ফটো সাংবাদিক হাসান মাহমুদ ডি, প্রথম আলো পাবনা বন্ধুসভার সভাপতি রাশেদুর ইসলাম নেচার এন্ড ওয়াইর্ল্ড লাইফ কনজারভেশন কমিউনিটি পাবনার সভাপতি এহসান আলী বিশ্বাস লিঠু, প্রাণী অধিকার কর্মী রাকিবুজ্জামান শাদ, গ্রীণ ভয়েস পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সদস্য আয়শা রহমানসহ অনেকে।
এ সময় পাবনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্কের নেতৃবৃন্দ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর নেটওয়ার্ক সদস্য, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, “প্রকৃতির ওপর দখল মানেই মানবতার ওপর আঘাত। একটি পাখির নিরাপত্তা মানে একটি পরিবেশের নিরাপত্তা।” তারা জানান, প্রয়াত আকাশকলি দাস নিঃস্বার্থ ভালোবাসা ও শ্রম দিয়ে নিজের পৈতৃক বসতবাড়ির প্রায় আট বিঘা জমিতে গড়ে তুলেছিলেন একটি পাখির অভয়াশ্রম। এটি শুধু গাছ বা পাখির আবাসস্থল নয়, বরং মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক অনন্য উদাহরণ।
বক্তারা অভিযোগ করেন, আকাশকলি দাসের মৃত্যুর পর একটি কুচক্রী মহল ওই জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছে। ভূমিদস্যুরা অভয়াশ্রমের ভেতরে থাকা পাখির আবাসস্থল হিসেবে গড়ে ওঠা বড় বড় গাছ কেটে ফেলছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
মানববন্ধন থেকে এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা অবিলম্বে পাখির অভয়াশ্রমটি দখলমুক্ত করে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।






